দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামে নিজের লাগানো চারাগাছ নিজেই উপড়ে প্রতিবেশীকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (৪ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, চারাগাছ উপড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ফজলুল হক ও তার ভাই আব্দুর রউফ মিয়ার সঙ্গে প্রতিবেশী আঙ্গুর মিয়ার পরিবারের বিরোধ তীব্র আকার ধারণ করেছে।
স্থানীয়দের দাবি, একই ব্যক্তির কাছ থেকে কেনা একটি জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছে। এরই জেরে সম্প্রতি ফজলুল হক ও তার লোকজন নিজেদের লাগানো চারাগাছ নিজেরাই উপড়ে দূরের একটি পুকুরে ফেলে রেখে আঙ্গুর মিয়ার বিরুদ্ধে তা উপড়ে ফেলার অভিযোগ করেন। এ ঘটনায় আঙ্গুর মিয়া ও এমদাদুল মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে বলে জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে ফজলুল হকের বক্তব্য পাওয়া যায়নি। তার ভাই আব্দুর রউফ মিয়া বলেন, ‘ঘটনার বিষয়ে থানায় গেলেই জানতে পারবেন।’
আঙ্গুর মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান হাবিব বলেন, জমি-সংক্রান্ত বিরোধ ও চারাগাছ উপড়ে ফেলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএম/